মা লাশ গ্রহণ না করায় ‘জেএমবি নেতা’ আনোয়ার হোসেন ওরফে নাঈমের লাশ চারদিন পর বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। রাজশাহীর বাগমারায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সে নিহত হয়। বৃহস্পতিবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানার হেতেমখা কবরস্থানে নাঈমের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সংগঠক মিলন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, গত শনিবার রাতে রাজশাহীর বাগমারায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হন। মঙ্গলবার দুপুরে ছবি দেখে ওই যুবককে আনোয়ার বলে শনাক্ত করেন তার মা শুরুজ্জান বেওয়া ও তার ১৩ বছর বয়সী মেয়ে। নিহত আনোয়ার হোসেন ওরফে নাঈম নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের উত্তর পারইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।
তার মা লাশ নিতে অস্বীকার করলে তা বেওয়ারিশ লাশ হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশনে কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে ওই সংগঠন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘর থেকে লাশ বুঝে নিয়ে দাফন করে।
তিনি আরও বলেন, জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তাসহ আমি বুধবার দুপুরে আনোয়ারের বাড়িতে গিয়ে লাশ গ্রহণ করার জন্য তার মা শুরুজ্জানকে কয়েকবার অনুরোধ করেছি। এমনকি লাশ বাড়িতে পৌঁছে দিতেও চেয়েছি। কিন্তু ছেলে জেএমবির সঙ্গে জড়িয়ে পড়ায় তিনি চরম ক্ষুব্ধ হয়েছেন, লাশ গ্রহণ করতে রাজি হননি।
/জেবি/
আরও পড়তে পারেন: মন্ত্রিত্ব টেকাতে ইনু সব বিসর্জন দিয়েছেন: নাজমুল হক