এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর রাজশাহী বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৪০ শতাংশ। যা গতবার ছিল ৭৭ দশমিক ৫৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৩ জন। যা গতবার পেয়েছিল ৫ হাজার ২৫০ জন।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণার করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামসুল কালাম আজাদ।
তিনি বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার কেন কমেছে তা খতিয়ে দেখা হবে। আর আগামীতে পাসের হার এবং ফলাফল যেন ভালো হয় সে জন্য কলেজগুলোকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে।
এবার রাজশাহী শিক্ষা বোর্ডের ১৮৬টি কেন্দ্রে ৭১৫টি কলেজের এক লাখ ১৫ হাজার ৭৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮৭ হাজার ৩০১ জন। পাসের হার ৭৫ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে ছাত্রের পাসের হার ৭২ দশমিক ৭১ এবং ছাত্রীর পাসের হার ৭৮ দশমিক ৭০ শতাংশ।
জিপিএ ৫ পাওয়া ছাত্র ৩ হাজার ৫৮০ জন। আর ছাত্রী ২ হাজার ৪৯৩ জন।
রাজশাহী বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৮১জন। এরমধ্যে ছাত্র ৩ হাজার ৭০ জন ও ছাত্রী ১ হাজার ৮১১ জন। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৭১৬ জন। এরমেধ্যে ছাত্র ২৫৩ জন ও ছাত্রী ৪৬৩ জন। বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪৭৬ জন। এরমধ্যে ছাত্র ২৫৭জন ও ছাত্রী ২১৯ জন।
এই বোর্ডের অধীনে ১৮টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। আর আটটি প্রতিষ্ঠান থেকে কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৯ জন প্রতিবন্ধী পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী ১১ জন এবং শারীরিক প্রতিবন্ধী আট জন। শারীরিক প্রতিবন্ধী আট জনই পাস করেছে। আর ১১ জন দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে পাস করেছে ৯ জন। সিরাজগঞ্জ সেন্ট্রাল কালেক্টরেট কলেজের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মোল্লা আবু শামীম পেয়েছে জিপিএ-৫। এ বছর বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২১ জন। এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ১১৩ জন।
আরও পড়ুন: বরিশাল বোর্ডে পাস বাড়লেও জিপিএ-৫ কমে অর্ধেক
/এআর/