হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

নাটোরনাটোর আধুনিক সদর হাসপাতালের একটি সেপটিক ট্যাংক থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নাটোর সদর হাসপাতালের পেছন দিকের নবনির্মিত সেপটিক ট্যাংক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহটি ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক আকরাম হোসেন ও হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার দুপুরে এক পথচারী হাসপাতালের পেছনের নবনির্মিত সেপটিক ট্যাংকের ভেতর এক নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। বিষয়টি পুলিশকে জানালে সদর থানার একদল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ অন্য কোথাও গর্ভপাত ঘটিয়ে মৃতদেহটি ট্যাংকের ভেতর ফেলে রেখে গেছে। নবজাতকটির গর্ভকালীন বয়স প্রায় আট মাস হবে বলে নিশ্চিত করেন আবাসিক মেডিক্যাল অফিসার।
/এআর/