১৮ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি রাবি ছাত্রলীগের

রাবিতে ছাত্রলীগের মানববন্ধন

শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণ বিলিয়ে দেওয়া শিক্ষক ড. শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী ১৮ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। রবিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘যে চেতনা ও আদর্শের জায়গা থেকে ড. জোহা স্যার প্রাণ দিয়েছিলেন, আমরা সেই চেতনা ও আদর্শের জায়গাগুলো থেকে দূরে সরে যাচ্ছি। ড. জোহা রক্ত দিয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে যে সম্প্রীতি তৈরি করেছিলেন, তা হারিয়ে যাচ্ছে। তাই ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করা দরকার। এর ফলে দেশের মানুষ জানতে পারবে জোহার অবদানের কথা। তখন জোহার আদর্শে গড়ে উঠবে আরও অনেক শিক্ষক।’

তারা আরও বলেন, ‘সেদিন জোহা নিজের প্রাণ না দিলে শত শত শিক্ষার্থীদের প্রাণ দিতে হতো। কিন্তু জোহা নিজের প্রাণ দিয়ে শিক্ষার্থীদের প্রাণ বাঁচিয়েছিলেন। তার এই আত্মদানে স্বাধীনতার ভীত রচিত হয়েছিল। আমরা চাই, স্বাধীনতার পক্ষের সরকার জোহার এই আত্মদানকে স্বীকৃতি দিবে।’

রাবিতে ছাত্রলীগের মানববন্ধন

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষক সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আক্তার, রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সহসভাপতি কাজী আমিনুল হক লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর ইসলাম, ফয়েজ আহমেদসহ অনেকে। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে যোগ দেয়।

প্রসঙ্গত, ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাকিস্তানি বাহিনী নৃশংসভাবে হত্যা করে ড. শামসুজ্জোহাকে। এরপর থেকে রাবি কর্তৃপক্ষ ১৮ ফেব্রুয়ারি শহীদ ড. জোহা দিবস পালন করে আসছে। কিন্তু জাতীয়ভাবে এখনও এ দিবসের স্বীকৃতি মেলেনি।

/এসটি/