ক্ষেতলালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জয়পুরহাটজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আমিড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে শিশুরা খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, আমিড়া মণ্ডলপাড়া গ্রামের মিলন হোসেনের শিশু কন্যা মিনহা আখতার (২) ও গ্রামের মসজিদের ঈমাম মওলানা ইউছুফ আলীর মেয়ে বুশরা আখতার (৩) খেলতে গিয়ে মঙ্গলবার বিকাল ৪টার দিকে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান জানান, ওইদিন ওই দুই শিশু বাড়ির পাশে খেলতে গিয়ে মসজিদের পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে আক্কেলপুর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করে।

/এআর/