রাঙ্গামাটির মানিকছড়িতে পাহাড় ধসে নিহত বগুড়ার আদমদীঘি উপজেলার ধনতলা গ্রামের সেনা সদস্য শাহীন আলম চঞ্চলের মরদেহ বুধবার বিকাল পর্যন্ত বাড়িতে পৌঁছেনি। বৈরি আবহাওয়ার কারণে হেলিকপ্টার আসতে পারেনি। রাতে সড়ক পথে অথবা বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে করে মরদেহ পৌঁছতে পারে। এরপর জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে।
নশরতপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল হক খন্দকার জানান, বুধবার দুপুরের আগেই চঞ্চলের মরদেহ হেলিকপ্টরে করে বাড়ি পৌঁছানোর কথা ছিল।
সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে হেলিকপ্টর আসতে পারছে না। বুধবার বাদ জোহর নশরতপুর আলিম মাদ্রাসা মাঠে জানাজার ঘোষণা দেওয়া হয়েছিল। এখন সম্ভবত বৃহস্পতিবার সকালে জানাজা ও দাফন হবে। বাড়ির কাছেই পারিবারিক গোরস্থানে কবর খোড়া হয়েছে। স্ত্রী র্যাব সদস্য চমন বেগম ও পাঁচ বছরের শিশু সন্তান আবু তাহা কফিনের সঙ্গে আসবেন। বাবা সরোয়ার্দী, মা সেলিনা বেগম, তিন বোন ও পরিবারের অন্য সদস্যরা ছাড়াও গ্রামবাসীরা চঞ্চলকে একনজর দেখার জন্য অপেক্ষা করছেন। আগত সকলে শান্তনা দিতে গিয়ে নিজেরাই কান্নায় ভেঙে পড়ছেন। সেনা কর্মকর্তারা পরিবারের সদস্যদের শান্তনা দিচ্ছেন।
/জেবি/
আরও পড়তে পারেন: বিএসএফের ছোড়া পাথরে নিহত বাংলাদেশির লাশ উদ্ধার