পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী আলিয়া ভুলু (৪০) নিহত হয়েছে। নিহত ব্যাক্তি ঈশ্বরদীর শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন, বলে দাবি পুলিশের। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনটি মোটরসাইকেলযোগে আলিয়া ভুলুসহ কয়েকজন মাদক ব্যবসায়ী পাকশী ইপিজেড সড়ক দিয়ে যাচ্ছিল। পথে পাকশী পুলিশ চেকপোস্টে তাদের থামানোর জন্য সিগন্যাল দেওয়া হলে এসময় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। তখন ৫ পুলিশ সদস্য আহত হয়। তবে আহত ৫ পুলিশের নাম জানতে চাইলে তিনি বলেন, ‘পরে জানাতে পারবো।’
তিনি আরও জানান, এসময় অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে আলিয়া ভুলুকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। পরে অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেও জানান সহকারী পুলিশ সুপার।
উল্লেখ, আলিয়া ভুলু ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এর আগে একাধিকবার তাকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ চলতি বছরের ৭ মে আলিয়া ভুলুর স্ত্রী ফিরোজা বেগমকে (৩৩) প্রায় ৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছিল পুলিশ।
/এমও/