রুয়েটের ৩ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

রুয়েটরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০১৬ সালের জন্য তাদের মনোনীত করেছেন। ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

২০১৬ সালের স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন-পুরকৌশল বিভাগের আশরাফুল ইমরান, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের  জাহিদুল ইসলাম এবং ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের রুহুল আমিন রাতুল।

রুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক মোশাররফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৬ সালের জন্য বিশ্ববিদ্যালয় থেকে একটি তালিকা ইউজিসির কাছে পাঠিয়েছিলাম। সেখান থেকে তিনজনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু সেশনজটের কারণে ২০১৫ সালের ব্যাচটি পাস করে বের হতে না পারার কারণে  ওই সালের জন্য কোনও শিক্ষার্থীর নাম প্রস্তাব করা হয়নি।’

প্রসঙ্গত,সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০১৫ ও ২০১৬ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৬৪ জনের নাম প্রকাশ করে।