জঙ্গি হামলা নিয়ে অস্ট্রেলিয়ার আশঙ্কার কোনও ভিত্তি নেই: আইজিপি

রাজশাহীতে আইজিপি (ছবি: প্রতিনিধি)বাংলাদেশে জঙ্গি হামলার বিষয়ে অস্ট্রেলিয়া যে আশঙ্কা প্রকাশ করেছে তার কোনও ভিত্তি নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরির্দশক (আইজিপি) একেএম শহীদুল হক। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, ‘বাংলাদেশে জঙ্গি হামলার তথ্যের ভিত্তি নেই। অস্ট্রেলিয়ান হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) কিসের ভিত্তিতে এই সর্তকতা জারি করেছে তারাও তা জানেন না। তবে দেশটির হাইকমিশনার জানিয়েছেন, তাদের দেশের নাগরিকদের সর্তক করাটি রুটিন ওয়ার্ক। কোনও জঙ্গি হামলার তথ্য তাদের কাছে নেই।’

প্রসঙ্গত, গত শুক্রবার অস্ট্রেলিয়া সরকারের ডিএফএটি এক বার্তায় বাংলাদেশে চলাচলকারী অস্ট্রেলীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি করে।

ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজের বিষয়ে আইজিপি বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখনও বলার মতো কোনও তথ্য নেই।’

মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান আছে জানিয়ে আইজিপি বলেন, ‘মাদকের গডফাদারদের অনুকম্পা দেখানোর কোনও সুযোগ নেই। পুলিশের কোনও কর্মকতা তা দেখালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, মহানগর পুলিশ কমিশনার মাহাবুবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।