শিহাব-লিটন আসবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

সেই দুই শিশুর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমদুর্ঘটনা থেকে ট্রেন রক্ষাকারী দুই শিশু শিহাব ও লিটনকে এবার ঢাকায় অনুষ্ঠিতব্য রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিয়ে আসবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে বাঘা উপজেলার আড়ানি ঝিনা গ্রামে শিহাব ও লিটনকে দেখতে গিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। এরপর তিনি দুই শিশুকে একই রকম জ্যাকেট পড়িয়ে ধন্যবাদ জানান।

তিনি শিশুদের বাবা-মাকে বলেন, আপনাদের দুই শিশু দেশের সম্পদ রক্ষা করেছে। তাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই। তাদের মনে যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে তা প্রশংসনীয়। আমরা এই দুই শিশুকে ভাল কাজের সফলতা স্বরূপ পরিচিত করতে চাই।

শিশুদেরকে উপহার দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এদিকে, নিজের ফেসবুকে শিশুদের সঙ্গে ছবি পোস্ট দিয়ে স্ট্যাটাসে প্রতিমন্ত্রী লিখেছেন, জানুয়ারির ১৩ তারিখ থেকে ঢাকায় শুরু হওয়া রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শিশু বিভাগের শ্রেষ্ঠ পুরস্কারটি লিটন এবং শিহাব দুজন মিলে বিজয়ীর হাতে তুলে দেবে। এর মাধ্যমে ৬৪টি দেশ জেনে যাবে তাদের বীরত্বগাথা।

প্রসঙ্গত, সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি স্টেশনের ৪০০ মিটার পূর্ব দিকে ঝিনা রেলগেটে রেললাইন ভাঙা দেখে লাল রংয়ের একটি মাফলার ওড়াতে থাকে শিহাব ও লিটন। তা দেখে ওই রেললাইনে আসা তেলবাহী ট্রেনটি থামিয়ে দেন চালক। ফলে দুর্ঘটনা থেকে রেহাই পায় ইঞ্জিনসহ ৩২টি বগির একটি তেলবাহী ট্রেন।

এ ঘটনার পরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওই দুই শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। পরদিন পশ্চিম রেলের পাকশি বিভাগ ও বাঘা উপজেলা প্রশাসন শিহাব ও লিটনকে সংবর্ধনা দেয়। এরপর বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে রেলমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় তাদের। সেই সঙ্গে  ‘বীর সৈনিক’ উপাধি দেয় রেলপথ বিভাগ। একই দিন সকালে বাঘায় বিভাগীয় প্রশাসন সংবর্ধনা প্রদান করে।