শনিবার (২০ জানুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাবের ভিত্তিফলক প্রতিস্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদে গণমাধ্যমের বিকাশের মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়ন হয়েছে। ইলেকট্রনিক মিডিয়া সরকারি থেকে ব্যক্তি মালিকানায় উন্মুক্ত হয়েছে। দেশের প্রায় তিন ডজন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সাংবাদিক-কলাকুশলীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্য জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। তবে কিছু কিছু পত্রিকা মতপ্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে মিথ্যাচার করছে। এ বিষয়ে সজাগ থাকতে হবে।’
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘বগুড়া উত্তরাঞ্চলের প্রবেশদ্বার। ঢাকার বাইরে বগুড়ায় গণমাধ্যমের বিকাশ বহুদিনের। বগুড়ার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হবে প্রেস ক্লাবের মাধ্যমে।’
প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ রেহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল এবং বিভিন্ন জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।