শৃঙ্খলা-ভঙ্গের দায়ে ৫ কর্মীকে পুলিশে দিলো রাবি ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় পাঁচ দলীয় কর্মীকে পুলিশে সোপর্দ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। সোমবার (২৯ জানুয়ারি) বিকালে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু তাদের পুলিশে দেন।


আটক পাঁচকর্মী হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকর্মী শাহাদাৎ হোসেন, সৈয়দ হাসান, সাকিব আহমেদ, ফয়সাল আহমেদ ও নেতাই।
ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার (২৮ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ক্যারিয়ার ক্লাবের নবীনবরণ অনুষ্ঠানে গায়ে ধাক্কা লাগা নিয়ে ছাত্রলীগকর্মী শাহাদৎ ও নেতাইয়ের সঙ্গে ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ফেরদৌস মাহমুদ শ্রাবণের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রুপ নেয়। পরে সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু ও সাবরুন জামিল সুষ্ময় তাৎক্ষণিক বিষয়টি মীমাংসা করে দেন।
এর পরদিন সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় সুবর্ণ জয়ন্তী টাওয়ারের কাছে অবস্থান করছিলেন ছাত্রলীগকর্মী সাকিল ও তার বন্ধুরা। এ সময় ওই ঘটনার জের ধরে ছাত্রলীগের কিছু কর্মী এসে তাদেরকে মারধর শুরু করে। এতে ছাত্রলীগকর্মী সাকিল ও তার কয়েকজন বন্ধু আহত হন।
এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলে ঘটনায় জড়িতদের নিয়ে মীমাংসার জন্য বসেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। এ সময় হলের বাইরে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর অবস্থান নেয়। পরে সেখান থেকে শৃঙ্খলা-ভঙ্গের দায়ে পাঁচ জন কর্মীকে পুলিশে সোপর্দ করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘ছাত্রলীগ কখনও বিশৃঙ্খলাকারীদের প্রশ্রয় দেয় না। ছাত্রলীগের অন্য নেতাকর্মীদের মেসেজটি দেওয়ার জন্য এবং তারা যাতে এ সব উগ্র কাজে উৎসাহ না পায় এ জন্য জড়িতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। ঘটনায় জড়িতদের ছাত্রলীগের নেতারা পুলিশে দিয়েছে।’

এ বিষয়ে মতিহার থানার পরিদর্শক মাহবুব আলম বলেন, ‘ক্যাম্পাসের দুই পক্ষের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। পরে যাতে আর কোনও সমস্যা না হয় তাই তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’