জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেনের উত্তর পাশের রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক চালকসহ দুই জন আহত হয়েছে। সংঘর্ষের পর স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বুধবার সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আক্কেলপুর স্টেশন মাস্টার খাদিজা আখতার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিলকপুর স্টেশন কর্তৃপক্ষ জানান, চিলাহাটী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি তিলকপুর রেলক্রসিংয়ে পৌঁছালে একটি ধান বোঝাই ট্রাক সামনে চলে আসে। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে রেল লাইনের পাশে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাক চালক খোকা মিয়া (৪৮)এবং হেলপার শাকিল হোসেন (২৯)আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ হাসপাতালে পাঠিয়েছে। ধান বোঝাই ট্রাকটি পঞ্চগড় থেকে নওগাঁ যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়ে।
নওগাঁ জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মুনির হোসেন জানান, ‘ট্রাক চালক খোকা মিয়া আহত হলেও বর্তমানে আশঙ্কামুক্ত। হেলপার শাকিলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ’
দুর্ঘটনার পর ট্রেনটি গন্তব্য ছেড়ে গেলেও ট্রাকটির ব্যপক ক্ষতি হয়েছে। তিলকপুরের ওই রেল গেইটে রেল বিভাগের নিয়োগকৃত কোনও গেইটম্যান নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: সোনার বারসহ সিঅ্যান্ডএফ কর্মচারীকে আটকের অভিযোগ