সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা, নিহত ২

সিরাজগঞ্জসিরাজগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়েছে আরেকটি চলন্ত ট্রাক। এই ঘটনায় চলন্ত ট্রাকের হেলপারসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের চালক। শুক্রবার (২ মার্চ) ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বগুড়া জেলার কাহালু থানার উলত্ত গ্রামের আনিছার রহমানের ছেলে গোলাম মোস্তফা (২৫) ও একই থানার শিকড় গ্রামের মৃত আবেদ আলীল ছেলে এখলাস (৪২)।

ওসি জানান, কোনাবাড়ি শহিদুল বুলবুল কলেজের সামনে একটি ট্রাক মহাসড়কের পেছনে দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা  ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোস্তফা ও এখলাস মারা যান। আহত হন চালক বক্কর আলী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তায় আগে থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কেউ ছিল না।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।