ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি গ্রাম বিদ্যুতায়িত হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নওগাঁয় বিদ্যুৎ জ্বালানি ও খলিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু




বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন, সরকার আগামী ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। আর আগামী ৩০ জুনের মধ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যুতায়িত করবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আনাচে-কানাচে আলোকিত হচ্ছে। প্রতিটি গ্রাম আলোকিত হলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।’ তিনি রবিবার দুপুর সাড়ে ১২টায় নওগাঁর পোরশা উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।









এসময় উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অংগ-সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে যেভাবে দেশ পরিচালনা করছেন তাতে বিশ্বে ব্যাপক আলোচিত হয়েছেন। এখন বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নামে পরিচিতি বহন করছে। 
পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলায় আমের ব্যাপক উৎপাদনের কথা উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন,‘এই এলাকায় আম প্রক্রিয়াজাতকরনের জন্য প্রয়োজনীয় শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হলে এই এলাকায় গ্যাসও সরবরাহ করা হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে ৫ বছরের জন্য এ সরকরাকে আবারও ক্ষমতায় আনতে হবে। কারণ আমরা উন্নত দেশে প্রবেশ করেছি। কাঙ্ক্ষিত উন্নয়নশীল দেশে পরিণত হতে হলে আগামী ৫ বছর আমাদের কাজ করতে হবে।  আমাদের সেই সুযোগ  দিতে হবে। বিগত দিনে যারা আগুন দিয়ে মানুষ পুড়েছে, সন্ত্রসী কর্মকাণ্ড চালিয়েছে, দেশকে অস্থিতিশীল করে তুলেছে তাদের দ্বারা দেশের কতটুকু উন্নয়ন সম্ভব?’

বিদ্যুত প্রতিমন্ত্রী পোরশা উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৫ হাজার ৮৯১ জন গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এর মধ্যে নিতপুর ইউনিয়নে ১৮২৬ জন, তেতুলিয়া ইউনিয়নে ১২৪৪ জন, ছাওড় ইউনিয়নে ৭৭১ জন, গাংগুড়িয়া ইউনিয়নে ৩৬৮ জন, ঘাটনগর ইউনিয়নে ৮৩২ জন এবং মুর্শিদপুর ইউনিয়নে ৮৫০ জন গ্রাহক। পল্লী বিদ্যুৎ সমিতি-২ মোট ১৩ কোটি ৪১ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ৮৩ দশমিক ২৩৮ কিলোমিটার লাইনেজ সম্পন্ন এসব  প্রকল্প বাস্তবায়ন করেছে। উপজেলার কালিনগর কাতিপুর উচ্চ বিদ্যালয় মাঠে পোরশা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল হোসেন ও স্থানীয় গাংগুড়িয়া কলেজের অধ্যক্ষ আলহাজ মনজুর মোরশেদ।






আরও পড়ুন: নিখোঁজ আইনজীবীকে উদ্ধারের দাবিতে ধর্মঘট ও মানববন্ধন