বগুড়ার ধুনটের সদরপাড়ায় পুলিশের ওপর হামলা করে রাজিব উদ্দিন (৩০) নামে এক মাদক মামলার আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা। আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে তার ছোট ভাই পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে এ হামলার ঘটনায় ঘটে। এতে ধুনট থানার এএসআই শাহানুর রহমান ও এএসআই শাহজাহান আলী সামান্য আহত হয়েছেন। এএসআই শাহানুর রাতেই থানায় ছাত্রলীগ নেতা রাব্বি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহমুদ হাসান রাসেলসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
পুলিশ ও এজাহার সূত্র জানায়, ধুনট সদরপাড়ার বারিক স্বর্ণকারের ছেলে রাজিব উদ্দিনের বিরুদ্ধে ধুনট থানায় মাদক আইনে মামলা আছে। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। শনিবার রাত ৮টার দিকে এএসআই শাহানুর রহমান ও এএসআই শাহজাহান আলী সদরপাড়া থেকে রাজিবকে গ্রেফতার করে। খবর পেয়ে তার ছোট ভাই ছাত্রলীগ নেতা রাব্বি, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল ও তাদের লোকজন লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা রাজিবকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করে। হামলায় ওই দুই পুলিশ কর্মকর্তা সামান্য আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে হামলাকারী ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ রাব্বিকে গ্রেফতার করে। এছাড়া থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ধুনট থানার এএসআই শাহানুর রহমান বলেন, ‘মাদক মামলার ওয়ারেন্টে রাজিবকে গ্রেফতার করা হয়। তার পরিবারের লোকজন হামলা চালিয়ে আমাদের (পুলিশ) আহত করে রাজিবকে ছিনিয়ে নিয়ে যায়। আমরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। রবিবার বিকাল পর্যন্ত রাজিবকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ধুনট থানার ওসি খান মো. এরফান জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ায় ছাত্রলীগ নেতা রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।