নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া কেন্দ্রীয় মসজিদের নির্মাণ কাজে বেবী জামান নামে এক ভিক্ষুক চার হাজার টাকা অনুদান দিয়েছেন। শুক্রবার সকালে এই টাকা হস্তান্তর করা হয়। মসজিদ নির্মাণ কমিটির নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।
দিঘাপতিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সহ-সম্পাদক শাহজাহান আলী জানান, প্রায় দুই বছর ধরে দিঘাপতিয়া বাজারের পাশের কেন্দ্রীয় জামে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছে। স্থানীয় মুসল্লি ও ধনাঢ্য ব্যক্তিদের প্রত্যক্ষ সহযোগীতা ও অনুদানে মসজিদের নির্মাণ কাজ চলছে। এরইমধ্যে মসজিদটির একতলার কাজ প্রায় শেষ পর্যায়ে। মসজিদটির নির্মাণ কাজ শেষ করার জন্য কমিটির টাকা সংগ্রহের কথা জানতে পেরে এলাকার ভিক্ষুক বেবী জামান তার ভিক্ষা করে জমানো টাকা থেকে চার হাজার টাকা দেন। শুক্রবার সকালে তিনি এসে তার ও মসজিদের ঈমামের হাতে টাকাটা দিয়ে যান।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আত্তাব আলী মোল্লা, সভাপতি আব্দুস সালাম সরকার ও নির্মাণ কমিটির সভাপতি রশিদ খাঁন বিষয়টি জানিয়েছেন।
এ ব্যপারে বেবী জামান বলেন, কষ্ট করে জমানো টাকা দেওয়ার কারণ আমাকে দেখে যাতে এলাকার মানুষ উৎসাহিত হয়ে মসজিদের নির্মাণ কাজ শেষ করতে এগিয়ে আসে। তা ছাড়া ছোয়াবও পাওয়া যাবে।