পাবনার আটঘরিয়ায় ঘুষ নেওয়ার সময় উপজেলা সাব-রেজিস্ট্রার ইশরাত জাহানকে হাতে নাতে আটক করেছেন দুদক কর্মকর্তারা। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয় বলে দুদক পাবনা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মো. গোলাম মাওলা নিশ্চিত করেছেন।
সহকারী পরিচালক জানান, সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান ৪টি দলিল রেজিস্ট্রি করে দেওয়ার জন্য গ্রাহকদের কাছে ১৪ হাজার টাকা ঘুষ দাবি করেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই গ্রাহকরা তার দাবিকৃত টাকা দেওয়ার সময় দুদক পাবনা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুবকর সিদ্দিকীর নেতৃত্বে একটি দল তাকে হাতেনাতে আটক করেন। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুদক পাবনার সমন্বিত কার্যালয়ে নেওয়া হয়েছে।