রাসিক নির্বাচন: বহিরাগতদের নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ





রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনরাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২৭ জুলাই দিবাগত রাত ১২টার আগে বহিরাগতদের নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, ‘ভোটার ব্যতীত অন্য কোনও এলাকার বাসিন্দা করপোরেশনের সীমানার ভেতরে অবস্থান নিতে পারবেন না। এছাড়াও মাইকিং করে এ ব্যাপারে বিস্তারিত প্রচার করা হবে, কারা রাজশাহী শহরে অবস্থান করতে পারবেন। কারণ অনেকে নিজেদের প্রার্থীদের প্রচারণার কাজে এসে রাজশাহী শহরে অবস্থান করছেন। তারাও থাকতে পারবেন না।’
এই নির্বাচনি কর্মকর্তা আরও বলেন, ‘ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতে যাওয়া-আসা করতে পারেন। সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী- বিজিবি ও র‌্যাবের ভ্রাম্যমাণ টিমগুলোকে সার্বক্ষণিক টহলে রাখা হবে ।’