চাঁপাইনবাবগঞ্জে উগ্র জিহাদী বইসহ জেএমবি’র তিন সক্রিয় সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জে জেএমবি’র তিন সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জে জেএমবি’র তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। শনিবার রাত প্রায় ১২টার দিকে নাচোল উপজেলার ঘিওন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের  কাছে থাকা কিছু উগ্র জিাহদী বই  ও তাদের ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

আটক জেএমবি সদস্যরা হলো, জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের রাঘবপুর গ্রামের মৃত. জাহের উদ্দিন মণ্ডলের ছেলে নজরুল (৫০) ও একই গ্রামের ফজলুর রহমানের ছেলে আবু বক্কর (৩৮) এবং মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী রানীবাড়ি গ্রামের গোলাম রাব্বানীর ছেলে সেলিম রেজা (২৭)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক আবুল খায়ের জানায়, ওই এলাকায় একটি দোচালা টিনের ঘরে গোপনে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় নজরুল, আবু বক্কর ও সেলিম রেজাকে আটক করা হয়। এ সময় ওই ঘরের পশ্চিমমুখী দুটি খোলা দরজা দিয়ে অজ্ঞাতনামা আরও ৯/১০ জন কৌশলে অন্ধকারে পালিয়ে যায়। এ সময় তাদের কাছে থাকা কিছু উগ্র জিহাদী বই ও ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।