বিএনপি অফিস থেকে ককটেল উদ্ধার, ৬৫ জনের বিরুদ্ধে মামলা

বগুড়াবগুড়ার সোনাতলা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার বালুয়া ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে চারটি ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় এসআই বাশির আহমেদ বাদি হয়েছে একটি মামালা করেছেন। সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকিরসহ ৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও আগ্নেয়াস্ত্র আইনে মামলা করেছেন।

শুক্রবার বিকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ওসি শরিফুল ইসলাম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে নাশকতার বৈঠকে অংশ নেতা বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়।

এজাহার ও অন্যান্য সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা নাশকতার বৈঠক করছিল। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালালে নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে কার্যালয়ের ভেতরে ৪টি তাজা ককটেল পাওয়া যায়। এ ব্যাপারে থানায় উপজেলা চেয়ারম্যান জাকির, জোড়গাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী, দিকদাইর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকসেদ ও বালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঞ্জুসহ ৪০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোনাতলা থানার ওসি জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকিরকে ফোন দিলে তিনি কথা বলতে রাজি হননি।