জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি নিহত

 

বন্দুকযুদ্ধজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তাওশারা এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। র‌্যাবের দাবি, সে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ক্ষেতলালসহ জেলার বিভিন্ন থানায় প্রায় এক ডজন মাদক চোরাচালান ও ছিনতাইয়ের মামলা রয়েছে। রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটে। তোফাজ্জল ক্ষেতলালের উত্তর মহেশপুর সরকারপাড়া গ্রামের বাসিন্দা।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, রবিবার রাত আনুমানকি পৌনে দুইটার দিকে ক্ষেতলালের তাউশারা এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে র‌্যাবের টহল দল সেখানে যায়। এসময় টের পেয়ে মাদক ব্যবসায়ীরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় তোফাজ্জলকে উদ্ধার করে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে গুলি, ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের দু’জন সদস্যও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিহত তোফাজ্জলের চাচাতো ভাই ফারুক হোসেন জানান, রবিবার সন্ধ্যা সাতটার দিকে র্যা ব সদস্যরা তাকে স্থানীয় বটতলী বাজার থেকে ধরে নিয়ে গেছে। সকালে তারা জানতে পারেন র্যা বের গুলিতে তোফাজ্জল নিহত হয়েছে। খবর পেয়ে তারা ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল হোসেন জানান, রাত ২টা ৫৫ মিনিটে স্বাস্থ্য কমপ্লেক্সে তোফাজ্জল হোসেনকে তারা মৃত অবস্থায় পেয়েছেন।