বগুড়ায় স্ত্রীকে নির্যাতন মামলায় হিরো আলমকে আদালতে সোপর্দ

গ্রেফতার হিরো আলমকে আদালতে সোপর্দ

বগুড়ায় যৌতুকের কারণে স্ত্রী সাদিয়া বেগম সুমিকে মারপিটের অভিযোগে গ্রেফতার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে  অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বৃহস্পতিবার দুপুরে বিচারক আহম্মেদ শাহরিয়ার তারিকের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিকালে তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান বগুড়ার কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ।

তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই আবদুর রহিম জানান,‘যৌতুকের কারণে স্ত্রী সাদিয়া বেগম সুমিকে মারপিটের অভিযোগে শ্বশুর সাইফুল ইসলাম বুধবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেন। এর আগে হিরো আলম তার স্ত্রী ও শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে তাকে মারপিট ও বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। পাল্টিপাল্টি অভিযোগ হওয়ায় বুধবার রাতে দু’পক্ষকে থানায় ডাকা হয়। পরে সমঝোতা না হওয়ায় শ্বশুরের অভিযোগে রাতেই থানা থেকে হিরো আলমকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, হিরো আলম আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেছেন। এ ব্যাপারে বিকালে শুনানী হবে।