শান্তিতে ভোট দিতে পারায় খুশি শতবর্ষী দুখজান বেওয়া

শতবর্ষী দুখজান বেওয়ানাটোরের বাগাতিপাড়া উপজেলার ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন ১০৫ বছরের দুখজান বেওয়া। শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভোট দেন দুখজান বেওয়া। এরপর তিনি বলেন, ‘কোনও বাধা বা জোর জবরদস্তি ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। কেন্দ্রের পরিবেশে আমি সন্তুষ্ট।’

বাগাতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত খেজমত আলীর স্ত্রী দুখজান বেওয়া। তিনি জানান,তার বর্তমান বয়স ১০৫ বছর। তার ৬ ছেলে ও এক মেয়ে ছিল। এর তিনজন মারা গেছে।

ভোট দিতে আসা দুখজান বেওয়ারবিবার প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশন প্রথম ধাপে ৮৭টি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করলেও ৭৮টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বাকি ৯টির মধ্যে তিনটিতে মামলা সংক্রান্ত জটিলতায় ভোট বন্ধ, তিনটিতে সবগুলো পদে প্রার্থীরা বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন পড়ছে না।

দলীয় ভিত্তিতে অনুষ্ঠেয় এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট, বাম গণতান্ত্রিক ফ্রন্ট ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও জোট অংশগ্রহণ থেকে বিরত রয়েছে।