নুসরাত হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনমাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের গণজাগরণ মঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘জাগো নারী বহ্নি শিখা’ শীর্ষক ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় নুসরাত হত্যায় অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

নুসরাত হত্যার বিচার দাবিতে প্ল্যাকার্ড হাতে শিশুবক্তারা বলেন, ‘আর কত মৃত্যু হলে হত্যাকারীদের বিচার হবে। তনু-খাদিজারা আজও বিচার পায়নি। একের পর এক হত্যাকাণ্ড ঘটেই চলেছে। কোনও হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা নুসরাত হত্যার তীব্র প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’

এ সময় বক্তব্য রাখেন— জাগো নারী বহ্নি শিখার সদস্য সচিব মনোয়ারা খাতুন, আহ্বায়ক ফারুকা বেগম, সদস্য নুরুন নাহার, উপদেষ্টা রফিক হাসান বাবলু, জাসদ ছাত্রনেতা আব্দুল মজিদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব, জনপ্রতিনিধি আব্দুল বারেক, শিক্ষার্থী শিরিন জাহান ও খাদিজা খাতুন প্রমুখ।