দুর্গম এলাকায় শহরের সুবিধা পৌঁছে দিতে চায় সরকার: পলক

বক্তব্য রাখছেন জুনাইদ আহমেদ পলক (ছবি– প্রতিনিধি)

সরকার দুর্গম এলাকায় শহরের সুবিধা পৌঁছে দিতে চায় বলে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দিতে সরকার অবিরাম কাজ করে যাচ্ছে।’

শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে রাজশাহী মেডিক্যাল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে ‘বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর’ স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটুআই-এর সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এ সম্মেলনের আয়োজন করে।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৮ সালে নির্বাচনি ইশতেহারে তিনি ঘোষণা দিয়েছিলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। তখন কেউ কেউ বলেছিলেন, এটা আবার কী জিনিস? এখন ডিজিটাল বাংলাদেশ বাস্তবে রূপ নিয়েছে।’

তিনি বলেন, ‘তরুণ-তরুণীদের চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে হবে। তরুণ-তরুণীদেরকে আত্মবিশ্বাসী হয়ে সামাজিক ও সাংস্কৃতিকভাবে বিকশিত হতে হবে। আমরা চাই, তরুণরা নিজেদের এমনভাবে বিকশিত করবে যেন অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। আর এজন্য সব সহযোগিতা করবে সরকার।’

তিনি আরও বলেন, ‘আইসিটি বিভাগকে নিয়ে সরকার মহাপরিকল্পনা প্রণয়ন করেছে; যাতে একটি মানুষও আইসিটি সেবা থেকে বঞ্চিত না হয়।’

রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব  এন এম জিয়াউল আলম, এটুআই প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক মো. এসএম আবদুল কাদের অনুষ্ঠানে বক্তব্য রাখেন।