বড়াইগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার রাজ্জাকমোড় এলাকায় বনপাড়া-হাটিকুমড়ুল সড়কে এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন ও এসআই মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মাসুম ইসলাম (৪২) রাজশাহীর দামকুরা থানার সোনাইকান্দী গ্রামের খাইরুল ইসলামের ছেলে। তিনি পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি দেলোয়ার হোসেন এবং এসআই মাহফুজুর রহমান জানান, আজ (শুক্রবার) বিকাল ৩টার দিকে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন মাসুম। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকমোড় এলাকায় বনপাড়া-হাটিকুমড়ুল সড়কে তার মোটরসাইকেলে দেশ ট্রাভেলস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাস আটক করলেও চালক ও হেলপার পালিয়েছে।