মামলার এজাহার থেকে জানা গেছে, গাবতলী উপজেলার লাঠিমারঘোন গ্রামের রাশেদুর রহমান শিপন তার শ্যালক সুজন মাহমুদকে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দিতে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের রেকর্ড কিপার আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। চাকরির বিনিময়ে আনোয়ার তার কাছে ১৪ লাখ টাকা দাবি করেন। ১৩ জুন আনোয়ার তার হাসপাতালের অফিসে এক লাখ টাকা অগ্রিম ও প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র নেন। শিপন পরবর্তীতে জানতে পারেন আনোয়ার হোসেন পুলিশে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার কাছে টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে তিনি আনোয়ার হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
ডিবি পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী জানান, শুক্রবার দুপুরে শহরের চকফরিদ এলাকায় শ্বশুরবাড়ি থেকে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে এমন প্রতারণার আরও অভিযোগ রয়েছে। এর আগেও এক দালালকে গ্রেফতার করা হয়েছে।