মাদক মামলায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নাটোরনাটোরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। জেল সুপার আব্দুল বারেক ও সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ওই কয়েদির নাম আব্দুল খালেক (৫৪)। তিনি জেলার গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামের ছয়মুদ্দিনের ছেলে।

আব্দুল বারেক জানান, মাদক মামলায় দুই বছরের সাজা পেয়ে আব্দুল খালেক গত ৩০ জুন নাটোর জেলা কারাগারে আসেন। জেলে আসার পর থেকেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে প্রায়ই তিনি অসুস্থ হয়ে পড়তেন। প্রথমে কারা অভ্যন্তরে তার চিকিৎসা করা হতো। বৃহস্পতিবার রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন আব্দুল খালেক। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।