বড়াইগ্রামে কলেজছাত্রকে প্রকাশ্যে গুলি করে হত্যা

নাটোরনাটোরের বড়াইগ্রাম উপজেলায় আল আমিন (১৯) নামে এক কলেজছাত্রকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। পরে তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) বিকাল পাঁচটার দিকে মকিমপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস এসব তথ্য জানান।

নিহত আল আমিন উপজেলার নগর ইউনিয়নের মকিমপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে এবং স্থানীয় ধানাইদহ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ওসি দিলীপ কুমার দাস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শুক্রবার বিকাল পাঁচটার দিকে আল আমিন তার ব্যবহৃত পালসার মোটরসাইকেল চালিয়ে কয়েন বাজারের দিকে যাচ্ছিল। পথে মকিমপুর বাজার এলাকায় তিন যুবক তার পথ রোধ করে। এ সময় তাকে গুলি করে হত্যার পর মোটরসাইকেলটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে যুবকেরা। খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ওসি জানান, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকারীদের গ্রেফতার ও তদন্তের পর হত্যার রহস্য জানা যাবে।