জয়পুরহাটের তিনটি আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্নের দাবিতে আন্দোলনে নেমেছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল-সন্ধ্যা প্রতীকী পরিবহন ধর্মঘট চলছে।
এ ব্যাপারে জয়পুরহাট জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জয়পুরহাট-মোকামতলা, জয়পুরহাট-আক্কেলপুর ও জয়পুরহাট-ক্ষেতলাল এই তিনটি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়নের কাজ এক বছর আগে শুরু হয়েছে। সড়কগুলোর দুই পাশের মূল্যবান গাছগুলো আগে-ভাগে কেটে পুরো সড়কের পুরোন পিচ তুলে ফেলা হয়েছে। এর পর পাথর ও বালু ফেলে সড়কগুলো অকেজো করে রাখা হয়েছে। ফলে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার পাশাপাশি প্রায়ই বিকল হয়ে পড়ছে বিভিন্ন যানবাহন। তাই সড়কগুলো দ্রুত সংস্কারের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন যৌথভাবে আন্দোলনে নেমেছে। এর আগে তারা সংবাদ সম্মেলন এবং মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন। আজ তারা পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করছেন। এরপরও যদি কর্তৃপক্ষের টনক না নড়ে তাহলে গোটা উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘট পালন করার পরিকল্পনা রয়েছে তাদের।
জানা গেছে, জেলার তিনটি আঞ্চলিক মহাসড়ক উন্নয়নের কাজ শুরু হয় গত বছরের জানুয়ারি মাসে। দরপত্র অনুযায়ী যা শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুন মাসে। কিন্তু কাজ শেষ না হওয়ায় ওই সড়কগুলোতে বর্ষার পানি জমে কাঁদা পানিতে একাকার হয়ে জায়গায় জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচল করতে পারছে না।
জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভির আহম্মেদ সিদ্দিক বলেন, ‘ঠিকাদারদের কারণেই কাজগুলো সম্পন্ন করা যায়নি। আমরা দ্রুত সময়ের মধ্যে কাজগুলো শেষ করার চেষ্টা করছি।’