বিলে নিখোঁজ সেই শিক্ষকের মৃতদেহ উদ্ধার

বিলের নিখোঁজ বিশ্ববিদ্যাল শিক্ষকের মরদেহ উদ্ধার

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে নিখোঁজ রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মোখলেছুর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মহিশমারী গ্রামের মাধনগর রেল লাইনের নীচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


ওসি শফিকুর রহমান জানান, গত শনিবার বিকেলে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে নৌকা ভ্রমণে আসেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ফিন্যান্স বিভাগের এক শিক্ষার্থীসহ তিন শিক্ষক ও তিন শিক্ষিকা। নৌকায় করে বিলের খোলাবাড়িয়া এলাকায় বেড়ানোর সময় ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে পানিতে পড়ে যান প্রাপ্তি সাহা নামে এক শিক্ষিকা। এ সময় তাকে উঠাতে পানিতে ঝাঁপ দেন শিক্ষক মোখলেছুর রহমান ও নৌকার মাঝি সোহাগ হোসেন। পরে মাঝি সোহাগ হোসেন প্রাপ্তি সাহাকে উদ্ধার করলেও বিলের পানির নিচে তলিয়ে যান শিক্ষক মোখলেছুর রহমান। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে শিক্ষককে উদ্ধারের জন্য অভিযানে নামে। তীব্র ঢেউয়ের মধ্যেও তারা দুই-তিন ঘণ্টা উদ্ধার তৎপরতা চালায়। তবে প্রচন্ড ঢেউ এর কারণে তাদের উদ্ধার ব্যাহত হয়। 


তিনি আরও জানান, সোমবার সকালে ডুবুরি দলের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার অভিযানে নামে। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মহিশমারি এলাকায় শিক্ষক মোখলেছুরের লাশ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। দুপুরের দিকে পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।