তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

আটকনাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সহকারী শিক্ষক আব্দুল হাকিমকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ আগস্ট) তাকে আটক করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন এবং সদর থানার ওসি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান, রবিবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর অভিভাবক মৌখিকভাবে অভিযোগ করেন, তার মেয়েকে শিক্ষক আব্দুল হাকিম যৌন হয়রানি করেছে। মেয়েটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করছে এবং শঙ্কায় রয়েছে। সোমবার দুপুরে এ ব্যাপারে বিদ্যালয়ে সভা আহ্বান করা হয়। বিষয়টি তদন্তের জন্য শিক্ষক নাজনীন আক্তার, আঞ্জুমান আরা এবং মোতালেব হোসেনকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়। এ সময় অভিযোগের বিষয়টি থানায় জানানোর পর পুলিশ ওই শিক্ষককে আটক করে।

সদর থানার ওসি জালাল উদ্দিন জানান, এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি।