নাটোরে ভিজিডির চাল বিক্রি, ৪৩ বস্তা জব্দ

বস্তায় রাখা ভিজিডির চালনাটোরের সিংড়া উপজেলায় ভিজিডি প্রকল্পের চাল গ্রহণের পর ২০ টাকা কেজি দরে একটি দোকানে বিক্রি করেছেন সুবিধাভোগীরা।গোপন সংবাদে বিষয়টি জানতে পেরে ওই দোকান থেকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে ৪৩ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো এবং তাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিনহাজ উদ্দিন।

ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার উপস্থিতিতে ইউনিয়ন পরিষদে ভিজিডি প্রকল্পের তিন মাসের ৯০ কেজি করে চাল সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এসব চাল বিক্রি হচ্ছে, মঙ্গলবার রাত ৯টার দিকে এমন সংবাদে তাজপুর বাজার এলাকায় স্থানীয় মুদি ব্যবসায়ী হাফিজ উদ্দিনের ছেলে আলতাবের দোকানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় ভিজিডি প্রকল্পের ৪৩ বস্তা চাল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে মুদি দোকানি আলতাব আলী জানান, স্থানীয়রা ওই চালগুলো ২০ টাকা কেজি দরে তার কাছে বিক্রি করেছেন।

এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, দোকানির কাছ থেকে ১৩ জন বিক্রেতার নাম সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিক্রেতাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডাকা হবে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে সুবিধাভোগীদের কার্ড বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত কয়েকজন সুবিধাভোগীর সঙ্গে কথা বললে তারা জানান, চালগুলো মোটা হওয়ায় তারা খেতে পারবেন না ভেবে বিক্রি করেছেন।