ইভটিজিংয়ের প্রতিবাদ, দুই ছাত্রকে হাতুড়িপেটা

নাটোরনাটোরের নলডাঙ্গা উপজেলায় ইসলামী জালসায় আসা ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই কলেজছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে হাসিব (২২) নামে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নলডাঙ্গা আমলি আদালত তাকে জেলে পাঠানোর আদেশ দেন।
আহত দুই শিক্ষার্থী হলেন- উপজেলার বিলপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে ও নলডাঙ্গা বিএম অ্যান্ড টেকনিক্যাল কলেজের ছাত্র সোহাগ হোসেন ও একই গ্রামের আহাদ আলীর ছেলে আতাউর রহমান। তাদের নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী জলসা চলছিল। সেখানে বিভিন্ন গ্রাম থেকে স্কুলছাত্রীরা আসার পথে হাসিবসহ কয়েকজন বখাটে ওই মেয়েদের উত্ত্যক্ত করছিল। ঘটনার প্রতিবাদ করায় ওই বখাটেরা সোহাগ ও আতাউরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় সোহাগ বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ আরও ৩-৪ অজ্ঞাতের বিরুদ্ধে মামলা করলে রাতেই পুলিশ হাসিবকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করলে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।