কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামাকে হত্যার অভিযোগ

রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলায় নাজমুল হোসেন (৩০) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পরিবারের অভিযোগ, ভাগ্নিকে উত্ত্যক্তের (ইভটিজিং) প্রতিবাদ করায় তার মামা নামজুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের শাহাজান আলীর মেয়ে ও খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তাজনিন তাবাসুম বৈশাখীকে (১৫) একই এলাকার মোহাম্মদ ভোলা প্রামানিকের ছেলে সুমন আলী প্রায়ই উত্ত্যক্ত করতো। বিষয়টি ছেলের পরিবারকেও জানানো হয়। এরপরই ঘটনাটি সুমন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

মঙ্গলবার বিকেলে বৈশাখী নানার বাড়িতে যাওয়ার পথে তার পথরোধ সুমন। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং উত্ত্যক্ত করে। ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের লোজনকে জানায়। এক পর্যায়ে সুমন ১০-১৫ জনের দলবল নিয়ে ওই ছাত্রীর বাবা শাহাজান আলীর বাড়ি ঘেরাও করে মারপিট শুরু করে। পরে ছাত্রীর মামা নাজমুল হোসেনকে কুপিয়ে জেখম করে সুমন ও তার দলের সদস্যরা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. মো. আক্তারুজ্জামান বলেন, যুবকটির শরীরের বেশ কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, প্রাথমিকভাবে আমরা শুনেছি, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাঘায় ছাত্রীর মামাকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালেই রয়েছে। বিষয়টি আমাদের স্থানীয় ওসি তদন্ত করে দেখছেন।