করোনায় মারা যাননি সাবেক এমপির ছেলে

আসিফ ইমরান খানসিরাজগঞ্জ-৫ (বেলকুচি-কামারখন্দের) আসনে জাতীয় পার্টির সাবেক এমপি শহিদুল ইসলাম খানের ছেলে আসিফ ইমরান খান (৩৬) করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। পেটের নাড়ি পেঁচিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, রবিবার (১৯ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাগবাটি গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। এর আগে বাগবাটি গ্রামে তার জানাজা সম্পন্ন হয়। নিহতের চাচা আলাউদ্দিন খান এসব তথ্য জানান। 

মৃত্যুর পর আসিফ ইমরান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে এলাকায় গুজব রটে। কিন্তু চিকিৎসকরা জানান, কোনও কারণে পেটের মধ্যে নাড়ি পেঁচিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

আলাউদ্দিন খান বলেন, ‘আমার ভাতিজা কানাডায় থাকে। গত ফেব্রুয়ারিতে বিয়ের জন্য দেশে আসে। গত শুক্রবার ঢাকার বাড়িতে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা জানান, পেটের মধ্যে তার নড়ি পেঁচিয়ে গেছে। এই অবস্থায় শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার পর হাসপাতালে তার মৃত্যু হয়।'

সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম খান এবং কামারখন্দ বুলবুল নাহার ডিগ্রি কলেজের অধ্যক্ষ বুলবুল নাহার বকুলের ছেলে আসিফ ইমরান খান।