করোনা পরীক্ষার নমুনা দিতে গিয়ে সাংবাদিকের মৃত্যু

সাংবাদিক ওয়াসিউর রহমান রতনবগুড়ায় হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে গিয়ে মারা গেছেন সাংবাদিক ওয়াসিউর রহমান রতন (৬৫)। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান তিনি। রতন বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বগুড়ার বার্তার সম্পাদক। তিনি ব্রেন স্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করছেন চিকিৎসকরা। 

মরহুমের স্বজনরা জানান, বৃহস্পতিবার করোনা পরীক্ষার নমুনা দেওয়ার জন্য রতন সপরিবারে শজিমেক হাসপাতালে যান। সেখানে নমুনা দেওয়ার আগে দুপুর ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ওই হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তির কিছুক্ষণ পর মারা যান রতন। মৃত্যুর পর তার দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়।

শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াজিদ বলেন, 'তার উপসর্গ দেখে মনে হয়েছে, তিনি ব্রেন স্ট্রোকে মারা গেছেন।'

সাংবাদিক রতন পরিবার নিয়ে শহরের নিউমার্কেটের বাড়িতে থাকতেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ আসর জানাজা শেষে শহরের নামাজগঞ্জ আঞ্জুমান-ই-গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।