যুবলীগ নেতা তালেব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

তালেব হত্যা মামলার প্রধান আসামি ফোকরাবগুড়ার সাবগ্রাম বন্দর যুবলীগের সাধারণ সম্পাদক আবু তালেব হত্যা মামলার প্রধান আসামি ফিরোজ ওরফে ফোকরাকে (২৫) গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা সোমবার (২২ জুন) সন্ধ্যায় নওগাঁর বদলগাছি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল এবং হত্যায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়ে। মঙ্গলবার (২৩ জুন) তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির স্কোয়াড কমান্ডার এএসপি মোস্তাফিজুর রহমান ও অন্যরা জানান, গত ১৪ জুন বেলা দেড়টার দিকে সদরের আকাশতারা এলাকায় যুবলীগ নেতা আবু তালেবকে (৩২) কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আকাশতারা এলাকার শাহজাহান আলীর ছেলে ফিরোজ ওরফে ফোকরা, একই এলাকার আফসার আলীর ছেলে চাঁন মিয়া (২৬),  কায়েমের ছেলে বাপ্পারাজ (২৮) এবং অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে সদর থানায়  মামলা করেন। ২২ জুন সোমবার সন্ধ্যায় গোপনে খবর পেয়ে নওগাঁর বদলগাছি থেকে প্রধান আসামি ফোকরাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।

তারা আরও জানান, ফোকরার স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন রাত পৌনে ১২টার দিকে দ্বিতীয় বাইপাস মহাসড়কের পূর্ব পাশে কর্ণপুর পূর্বপাড়ার কবরের পাশের জঙ্গল থেকে হত্যায় ব্যবহৃত একটি চাকু, ৯এমএম ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে সার্জেন্ট শফিকুর রহমান তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা করেছেন।