যমুনার পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপরে

aaaসিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। রবিবার (২৮ জুন) বিকাল ৩টায় এই দৃশ্য দেখা যায়। পানি বাড়ায় নদীর পাড়ের মানুষের শঙ্কাও বাড়ছে। এই পানি বৃদ্ধি আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম।

এদিকে যমুনার পানি বাড়ায় সদর, কাজিপুর বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরে নদীর কাছাকাছি নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি বাড়তে শুরু করেছে। জেলার ভেতর করতোয়া ও বড়ালসহ নদ-নদীর পানি বাড়ছে। সদর উপজেলার গুনেগাঁতিতে পাউবোর পুরাতন বাঁধের ভাঙা অংশ দিয়ে গুনেরগাঁতী ও পাশের রানীগ্রামে পানি ঢোকায় মানুষজন বাঁধে আশ্রয় নিতে শুরু করেছে।

কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক হাবিবুল ইসলাম জানান, গত কয়দিন থেকে যমুনার পানি বাড়ায় জেলার দুই হাজার হেক্টর জমির আখ, পাট, তিল, বাদাম, সবজি তলিয়ে গেছে। চৌহালীর এনায়েতপুরে নদী ভাঙ্গন হয়েছে।

সওজ নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, সদর উপজেলার মুলিবাড়ি-বাঐতারা সড়কের বাঐতারা সুইজ গেটের পাশে যমুনার পানির চাপ বেড়েছে। পার্শ্ববর্তী যমুনা তীরবর্তী মানুষ সওজ সড়কের পাশে উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, সিরাজগঞ্জে সেভাবে বন্যা শুরু হয়নি। তারপরও ৩০০ মেট্রিক টন চাল ও নগদ পাঁচ লাখ টাকার বরাদ্দ আগাম চাওয়া হয়েছে।