নাটোরে প্রথম পর্যায়ে করোনার টিকা পাবেন ৪৮ হাজার মানুষ। ইতোমধ্যেই সমপরিমাণ ডোজ টিকা এসে পৌঁছেছে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হবে। সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, ফ্রন্টলাইনার হিসেবে স্বাস্থ্যকর্মীরা এই টিকা পাবেন।
সিভিল সার্জন আরও জানান, ৪ কার্টুন কোভিড-১৯ টিকা পৌঁছেছে। প্রতি কার্টুনে রয়েছে ১২০০ ভায়াল (শিশি)। প্রতি ভায়ালে রয়েছে ১০ ডোজ টিকা। এই হিসেবে প্রথম পর্যায়ে ৪৮ হাজার মানুষ ওই টিকা নিতে পারবে। এর আগে টিকা প্রদানকারী নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
সিভিল সার্জন কার্যালয়ে টিকাগুলো গ্রহণের সময় আরও উপস্থিত ছিলেন ভ্যাকসিন ব্যবস্থাপনা ট্যাস্কফোর্স নাটোর জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়েরসহ ট্যাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ এর ফ্রিজার ভ্যান থেকে চারটি কার্টনে টিকাগুলো হস্তান্তর করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ এর আঞ্চলিক ব্যবস্থাপক আসলাম হোসেন।
জেলায় টিকা প্রদানের অগ্রাধিকার তালিকা প্রণয়ন করে অচিরেই নিবন্ধন কার্যক্রম শুরু হবে জানানো হয়।