আনন্দ মিছিলে হাতাহাতি, ছাত্রলীগের দাবি শিবিরের কাজ

রাজশাহী মহানগর ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের তিন নেতাকর্মী আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নেতাকর্মীরা জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে মহানগর ছাত্রলীগ রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে। এরপর মিছিলটি মহানগরীর প্রাণকেন্দ্র সাহেবাজার জিরোপয়েন্টে পৌঁছালে আকস্মিকভাবে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় মিছিলের সামনে থাকা মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম এবং সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু জিরোপয়েন্ট থেকে পিএন গার্লস স্কুল পর্যন্ত তিন দফা হাতাহাতির ঘটনা ঘটে। এসময় তিন ছাত্রলীগ কর্মী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

রাজশাহীতে ছাত্রলীগের আনন্দ মিছিলএরপর মিছিলটি কুমারপাড়া মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, আনন্দ মিছিল পণ্ড করার জন্য শিবিরের এজেন্টরা প্রবেশ করেছে। তারাই আমাদের কর্মীদের বিভ্রান্ত করে হাতাহাতির ঘটনা ঘটিয়েছে। কীভাবে এ ধরনের ঘটনা ঘটলো তা দ্রুত বের করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠান শেষে রাতে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। তবে দুই থেকে তিন দিন আগে আমাদের কাছে নিউজ (খবর) ছিল এই ধরনে একটি ঘটনা ঘটাবে ছাত্রশিবির। ছাত্রশিবিরের ছেলেরা সাইড (পাশ) থেকে অনন্দ র‌্যালিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমরা কাউকে ধরতে পারিনি। তবে সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করছি।

রাজশাহীতে ছাত্রলীগের মিছিলে হাতাহাতির ঘটনা ঘটেরাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যালি শেষে পথসভায় সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম। আর বক্তব্য দেন সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ। এসময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের অন্তর্ভুক্ত সব সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা।

এদিকে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্রবর্মন বলেন, এমন ঘটনা শুনেছি। তবে কে কাকে মারধর করেছে তা বিস্তারিত জানা যায়নি। তবে ছাত্রলীগ নেতারা বলছেন, বাইরে থেকে র‌্যালিতে ঢুকে কেউ এ ঘটনা ঘটিয়েছে।