পাউবো প্রকৌশলীকে মারপিট: এমপির ভাগ্নেকে দল থেকে বহিষ্কার

নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে মারপিটের মামলায় গ্রেফতার স্থানীয় এমপির ভাগ্নে নাফিউল ইসলাম অন্তরকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৬ মে) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অন্তরকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থেকে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪ এর ‘গ’ উপধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে অন্তরকে সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হল।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ জানান, বিষয়টি তিনি জেনেছেন তবে আদেশের কপি পাননি। কপি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সিংড়া পৌরসভা এলাকার আত্রাই ও নাগর নদীর ভাঙন থেকে রক্ষা প্রকল্পের আওতায় নাটোর অফিস, ভবন ও পরিদর্শন বাংলো মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করার অনুমতি পান নাফিউল ইসলাম অন্তর। তিনি নাটোরের বিশিষ্ট ঠিকাদার জাহানের ছেলে ও নাটোর-২ আসনের সাংসদ এবং জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের ভাগ্নে। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত।

শর্ত অনুযায়ী নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান ওই কাজের টাইলস নির্বাচন করে দেবেন। তিনি ২৪ মে কাজের এলাকা পরিদর্শন করে টাইলস নির্বাচন শেষে কোডসহ ডকুমেন্ট নাফিউল ইসলাম অন্তর ও তার বাবা মীর আমিরুল ইসলাম জাহানের কাছে পাঠান। এ ব্যাপারে কথা বলতে তারা সোমবার বিকেলে শহরের দক্ষিণ বড়গাছা এলাকায় প্রকৌশলীর অফিসে আসেন। এনিয়ে তর্কাতর্কির জেরে ওই প্রকৌশলীকে মারপিট করে অন্তর। এসময় সরকারি ফাইল তছনছ ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে অফিসের কর্মচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ওই প্রকৌশলী বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করলে মঙ্গলবার বিকেলে অন্তরকে গ্রেফতার করে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।