ইউপি সদস্যের বিরুদ্ধের অর্থ আত্মসাতের অভিযোগ

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাবহী কর্মকর্তার (ইউএনও) কাছে ইউপি সদস্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলাল হোসেন ওই ওয়ার্ডের অসহায়, দরিদ্র ও ভূমিহীন পরিবারের সদস্যদের কাছ থেকে মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতার কার্ড দেওয়ার কথা বলে ৩ থেকে ৬ হাজার টাকা করে নেন। ওই টাকা নিয়ে কার্ড না দিয়ে তা আত্মসাতের নানা অপচেষ্টা চালাচ্ছেন তিনি।

লিখিত অভিযোগকারী শিল্পী খাতুন জানান, ফজলাল মেম্বার আমাকে মাতৃকালীন কার্ড দেওয়ার কথা বলে অফিস খরচবাবদ ৬ হাজার টাকা নিয়েছেন। আজ পর্যন্ত কার্ড দেননি। ওই টাকা ফেরত চাইতে গেলে নানাভাবে হুমকি দেন তিনি।

আব্দুল মালেক জানান, বয়স্ক ভাতার কার্ড দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ইউপি সদস্য ৪ হাজার টাকা নিয়েছেন। এছাড়া জাহানারা খাতুন, আঞ্জুয়ারা খাতুন, জিয়াসমিন, চাঁদভানু ও রেজাউলকে ভিজিডির কার্ড দেওয়ার কথা বলে টাকা নিয়ে কার্ড দিচ্ছেন না তিনি। প্রায় ২ বছর ধরে আশা দিয়ে আসছেন। টাকা ফেরতসহ তার শাস্তির দাবি করেন আব্দুল মালেক।

এ ব্যাপারে ইউএনও এসএম জামাল আহমেদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

তবে অভিযুক্ত মেম্বার ফজলাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তাই একটি মহল আমার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।’