নাটোর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে এ জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন হাজার ৩৯৭ জনে। একই সময়ে করোনা উপসর্গে এ জেলায় তিনজনের মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ও সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ২৫৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯৫ জনের। শনাক্তের হার ৩৬ দশমিক ৬৭ শতাংশ। শনাক্তদের মধ্যে গুরুদাসপুর উপজেলার সারোয়ার নামে ৬ বছর বয়সী এক শিশু রয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৭ হাজার ৮৮৬ জনের নমুনা পরীক্ষায় তিন হাজার ৩৯৭ জনের করোনা শনাক্ত হলো। এরমধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে এক হাজার ৭০১ জন। আর করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৪৯ জন।
পরিতোষ কুমার বলেন, সদর হাসপাতালে ৭০টি করোনা শয্যার মধ্যে ৬৮টিতেই রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে ইয়েলো জোনে করোনা উপসর্গে মারা গেছেন তিন জন।
তারা হলেন- শহরের মীরপাড়া এলাকার মজিবর রহমান (৬২), সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার দুলাল হোসেন (৫০) এবং বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া এলাকার মনজিল প্রামানিক।