রেললাইনে উঠে নসিমন বিকল, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ

রাজশাহীর চারঘাট উপজেলার সলুয়ায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে নসিমনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংঘর্ষে ট্রেনের সামনের ক্যাটেল কার ক্ষতিগ্রস্ত হয়। ত্রুটি মেরামতের পর ট্রেনটি গোপালগঞ্জের গোবরার উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় ৪০ মিনিট রেল যোগাযোগ বন্ধ ছিল। তবে এ সময় কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে সরদহ রেলস্টেশনের ইনচার্জ ইকবাল কবির বলেন, ‘বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সরদহ স্টেশন থেকে কিছুটা আগে অরক্ষিত রেলগেটে একটি নসিমন রেললাইনের ওপরে উঠে বিকল হয়ে পড়ে। এ সময় ট্রেন আসার শব্দ পেয়ে রেললাইনের ওপর নসিমন রেখে চালকসহ যাত্রীরা নিরাপদ দূরত্বে সরে যান। এতে নসিমনটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।’

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম বলেন, ‘বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ছেড়ে যায়। এরপর সোয়া ৪টার দিকে নসিমনের সঙ্গে সামান্য সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনের সামনে ব্যাম্পারে আঘাত লাগে।’