বখাটের অ্যাসিডে ঝলসে গেলো এইচএসসি পরীক্ষার্থীর মুখ

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নে এক এইচএসসি পরীক্ষার্থীর (১৯) মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে বখাটেরা। রবিবার (২১ নভেম্বর) বিকালে ডাঙ্গাপাড়া বাজার সংলগ্ন রাস্তার পাশে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হচ্ছে। আহত তরুণীর বাড়ি নাটোর সদরে দত্তপাড়ায়। তিনি রাজশাহী সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন তিনি।

ভুক্তভোগীর মা জানান, সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। বাড়ির কাছেই বখাটেরা তার মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। ‘আমার মুখে অ্যাসিড মেরেছে’ বলে চিৎকার দিয়ে বাড়িতে ঢোকেন তিনি। এরপর দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে রামেক হাসপাতালে নিতে বলেন চিকিৎসক।

রামেক হাসপাতালের জরুরি চিকিৎসা কর্মকর্তা (ইএমও) আবদুল কাদির জানান, ওই তরুণীর পুরো মুখ ঝলসে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।