নাটোরের সিংড়ায় ১২টি ইউনিয়নে রবিবার চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুটি ইউনিয়নে ইতোমধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন নির্বাচিত হয়েছেন। অপর ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫২ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম এ সব তথ্য জানান।
আছলাম বলেন, ১২টি ইউনিয়নের মধে শেরকোলে লুৎফুল হাবিব রুবেল ও ইটালি ইউনিয়নে আরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্য ইউনিয়নের মধ্যে সুকাশে ৫ জন, ডাহিয়ায় ৫ জন, হাতিয়ান্দহে ৫ জন, লালোড়ে ৪ জন, তাজপুরে ৮ জন, চৌগ্রামে ২ জন, ছাতারদিঘীতে ৬ জন, রামানন্দ খাজুরায় ৬ জন, চামারীতে ৮ জন ও কলম ইউনিয়নে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া ১২টি ইউনিয়নে সাধারণ সদস্য ৪০২ ও সংরক্ষিত নারী সদস্য ১৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ২ লাখ ৭৩ হাজার ৭২৪ জন ভোটার রয়েছে।