জয়পুরহাটে চলছে জেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি 

পদ পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে জয়পুরহাট জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের দ্বিতীয় দিনের কর্মবিরতি চলছে।

বুধবার (২ মার্চ) সকাল ৯টা হতে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়, সব উপজেলা ও ভূমি অফিসের মোট ৮৫ জন তৃতীয় শ্রেণির কর্মচারী এ কর্মবিরতি পালন করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পালিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি জয়পুরহাট জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সহ- সভাপতি অশ্বিনী কুমার মন্ডল, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, অর্থ সম্পাদক মোজাহেদুল ইসলাম মিঠুসহ অন্যরা।

সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, ১ মার্চ থেকে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত  শুরু হওয়া এই কর্মবিরতি জাতীয় ও সরকারি ছুটি ছাড়া ২৪ মার্চ পর্যন্ত চলবে। এরপরও দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।