সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শিক্ষা অফিসের সব সহকারী শিক্ষা কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আলমগীর মোহাম্মাদ মনছুরুল আলম একটি স্মারকের মাধ্যমে এই বদলির আদেশ দেন।
চিঠিটি মঙ্গলবার বিকালে উল্লাপাড়ায় এসে পৌঁছেছে বলে জানা গেছে। বদলি করা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা হলেন, মো. আল মাহমুদ, রবিউল করিম, ইশরাত জাহান ওরেসি, আনিসুজ্জামান, জাহাঙ্গীর আলম, আবু সাঈদ ও আশরাফ আলী।
ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করা আল মাহমুদ বলেন, ‘বদলির আদেশের একটি কপি এসেছে বলে সন্ধ্যার দিকে জেনেছি। তবে কাকে কোথায় দেওয়া হয়েছে সেটা এই মুহূর্তে বলতে পারছি না।’
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তাদের উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ ও নাটোর জেলার বিভিন্ন উপজেলায় বদলি করা হয়েছে।
আরও পড়ুন: ক্লাস বন্ধ রেখে উকুন তোলায় ১০ শিক্ষককে শোকজ
সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মণ্ডল জানান, গত ৭ ও ৯ এপ্রিল উল্লাপাড়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন বেশ কয়েকটি বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে অধিকাংশ বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষককে অনুপস্থিত পান।
তিনি জানান, কোনও কোনও বিদ্যালয়ে শিক্ষককে স্কুলের বারান্দায় বসে অন্য নারীর সহযোগিতায় চুলের বেণি বেঁধে নিতে ও শিক্ষার্থীদের দিয়ে উকুন বেছে নিতে দেখেন। বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতিতে ইউএনও শ্রেণিকক্ষে পাঠদান করেন। এর পরিপ্রেক্ষিতে এই বদলির আদেশ দেওয়া হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা আরও জানান, উল্লাপাড়ায় সাত জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কর্মরত ছিলেন। এখানে উপজেলা শিক্ষা কর্মকর্তা না থাকায় বেশ কিছু দিন ধরে আল মাহমুদ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন। উল্লাপাড়ায় মোট ২৭৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আগামী ১৮ তারিখের মধ্যে বদলি হওয়া সব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।